নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলায় মাদক সংশ্লিষ্ট ঘটনায় জহুরা খাতুন (৪৫) নামে এক নারীকে তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।
জেলা থেকে প্রেরিত তথ্যে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় অভিযান চালানো হয়। এসময় জহুরা খাতুনের বসতঘরে তল্লাশি করে ১০ পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান, উদ্ধারকৃত মাদকের প্রমাণের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জহুরা খাতুনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অভিযান শেষে উদ্ধার করা মাদকদ্রব্য ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।



