বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
ফালু মিয়া, বিশেষ প্রতিনিধি:
সারাদেশজুড়ে জ্বালানি তেলের সংকটের প্রভাব এবার স্পষ্টভাবে দেখা যাচ্ছে নরসিংদীতে। বিশেষ করে সিলেট মহাসড়কের পাশে শিবপুর উপজেলার কারারচর এলাকায় অবস্থিত সুলতানা ফিলিং স্টেশন লিমিটেড-এ তৈরি হয়েছে তীব্র ভোগান্তির চিত্র। শত শত মোটরসাইকেল দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও প্রয়োজনীয় তেল পাচ্ছেন না চালকরা।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে শুরু করে দিনভর ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেলের সারি ক্রমেই দীর্ঘ হচ্ছে। তেলের আশায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকেই শেষ পর্যন্ত হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। স্টেশন কর্তৃপক্ষ প্রতিটি মোটরসাইকেলকে সর্বোচ্চ ২০০ টাকার তেল সরবরাহ করছে, যা দিয়ে দূরপাল্লার যাত্রা চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে অভিযোগ ভুক্তভোগীদের।
একজন বাইকার ক্ষোভ প্রকাশ করে বলেন, “সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি। কিন্তু ২০০ টাকার বেশি তেল দিচ্ছে না। এই তেল দিয়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব না। তবুও বাধ্য হয়ে নিতে হচ্ছে।”
আরেকজন চালক বলেন, “ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। কাজকর্ম বন্ধ হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের দৈনন্দিন জীবন চালানো কঠিন হয়ে পড়বে।”
স্থানীয়দের মতে, জ্বালানি সংকটের কারণে শুধু মোটরসাইকেল চালকরাই নয়, গণপরিবহন ও পণ্যবাহী যানবাহনের চালকরাও চরম দুর্ভোগে পড়েছেন। এতে স্বাভাবিক জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে।
এ বিষয়ে ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, সরবরাহ কম থাকায় সীমিত পরিমাণে তেল বিতরণ করতে হচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ স্বাভাবিক হলে পরিস্থিতির উন্নতি হবে বলে তারা আশা প্রকাশ করেন।
বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন তারা।