বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
ফালু মিয়া, বিশেষ প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে এক নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় তার স্বামী পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, ১ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুল ইসলামের দিকনির্দেশনায় এসআই শাহিনুর ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে শেখের বাজার এলাকায় অবস্থানকালে তথ্য পাওয়া যায়, বড়চাঁপা ইউনিয়নের চন্ডীতলা গ্রামের জুয়েল রানার বাড়িতে মাদক বিক্রি হচ্ছে। পরে সেখানে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল রানা (৩৫) দ্রুত পালিয়ে যায়।
এ সময় তার স্ত্রী অপু (৩০)-কে আটক করা হয়। পরে নারী পুলিশের মাধ্যমে তল্লাশি চালিয়ে তার দেহ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
এ ঘটনায় মনোহরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত অপুকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক জুয়েল রানাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।