শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ৪৩৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৩৮২ জনে দাঁড়াল। করোনায় আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১১০ জনের।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩,১২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ২,৯৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯,৫৭৮টি। সুস্থ হয়ে উঠেছেন আরও দুজন। মোট সুস্থ রোগীর সংখ্যা ৮৭ জন।
গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২,৭৭৯টি নমুনা পরীক্ষা করে ৪৯২ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ২ হাজার ৯৪৮ জন হয়েছিল। ওই সময়ে আরও ১০ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছিল ১০১ জন। আক্রান্তদের মধ্যে সোমবার পর্যন্ত সুস্থ হয়ে উঠেছিলেন আরও ১০ জন।
দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।