রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

রবিবার দেশে ফিরবে বাংলাদেশ দল

রবিবার দেশে ফিরবে বাংলাদেশ দল

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপ মিশন শেষে আগামী রবিবার দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৯৪ রানের বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ মিশন শেষ করল টাইগাররা। এই হারে টাইগারদের জয় নিয়ে ফেরার স্বপ্নের সমাপ্তি হলো।

হতাশাজনক বোলিং-ফিল্ডিংয়ের পর ব্যাটিংটাও আশানুরূপ না হওয়ায় শেষ ম্যাচের ফলটাও এসেছে নেতিবাচক।

প্রত্যাশামাফিক খেলতে পারলে বাংলাদেশ ক্রিকেট দলকে দেশে ফেরার যাত্রাটা এতো আগেই করতে হতো না। মঙ্গলবার (৯ জুন) অন্তত প্রথম সেমিফাইনাল ম্যাচের পর বোঝা যেত কবে দেশে ফিরবে টাইগাররা।

কিন্তু মাঠের খেলায় প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। যে কারণে সেমিফাইনাল রাউন্ড শুরু হওয়ার আগেই দেশের বিমান ধরবেন মাশরাফি-সাকিবরা। বিশ্বকাপের সেমিফাইনালে যেতে না পারার কারণেই মূলত টাইগারদের এত তড়িঘড়ি করে দেশে ফেরা হচ্ছে।

দলের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে রবিবার বাংলাদেশ সময় বিকাল ৫টা ২০ মিনিট রাজধানীর হযরত শাহজালাল (র.) বিমানবন্দরে অবতরণ করবে টাইগাররা।

এর আগে লন্ডন থেকে শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিট (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে) এমিরেটসের ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশে রওনা হবে দল। যাত্রাপথে দুবাইতে ট্রানজিট করে পরে ঢাকায় আসবেন তারা।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ড-ওয়েলসে বিশ্বকাপ খেলার উদ্দেশে গত ১ মে তারিখে দেশ ছেড়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। প্রায় সোয়া দুই মাসের সফর শেষে তারা রবিবার দেশে ফিরছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com