বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

করোনা দ্বিতীয় দফার আঘাত আনতে পারে, প্রস্তুত থাকুন: প্রধানমন্ত্রী

করোনা দ্বিতীয় দফার আঘাত আনতে পারে, প্রস্তুত থাকুন: প্রধানমন্ত্রী

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক- করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় দফার আঘাত আসতে পারে বলে দলের নেতাকর্মীদের সতর্ক করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে পরিস্থিতি মোকাবিলায় তিনি দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় তিনি এ নির্দেশ দেন।

করোনা সংক্রমণ শুরু হওয়ার দীর্ঘ প্রায় ছয় মাস পর গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একাধিক সদস্যের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

এসময় আওয়ামী লীগ নেতারা করোনা পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করা জন্য দলের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। এই করোনা পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আসা এবং মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করায় আওয়ামী লীগের নেতাকর্মীদেরও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের নেতাদের উদ্দেশ্যে বলেন, করোনা পরিস্থিতির আবারও অবনতি হতে পারে‌। দ্বিতীয় দফায় আবার বড় ধরনের আঘাত আসতে পারে। ইউরোপের কোনো কোনো দেশে দ্বিতীয় দফায় সংক্রমণ শুরু হয়েছে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। প্রস্তুত থাকতে হবে যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য। করোনা পরিস্থিতির মধ্যে এসময় দলের নেতাকর্মীরা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছেন আগামীতেও যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সেভাবেই মানুষের পাশে থাকতে হবে।

দলের নেতারাও করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন।

এসময় শেখ হাসিনা বলেন, নতুন এবং পুরাতনদের মিলিয়ে কমিটি দিতে হবে। যারা দলের জন্য সব সময় কাজ করে, যারা ত্যাগী তাদের কমিটিতে নিয়ে আসতে হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com