মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা
মানিকগঞ্জের সিংগাইরে পারিবারিক কলহের জেরে রাবিয়া আক্তার (২০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের বাটি গ্রামে। রাবিয়া আক্তার একই ইউনিয়নের রায় দক্ষিণ গ্রামের মো.সাইফুল ইসলামের স্ত্রী এবং পাশের গ্রামের শেখ বাচ্চু মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১১ মাস আগে রায় দক্ষিণ গ্রামের মাতু মোল্লার ছেলে সাইফুল ইসলামের সাথে বিয়ে হয় রাবিয়া আক্তারের। বিয়ের পর থেকে পরিবারের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে অশান্তি লেগেই থাকতো । দুই দিন আগে স্বামীর সাথে ঝগড়ার জেরে রাবিয়া আক্তার বাবার বাড়িতে চলে যান। বৃহস্পতিবার দুপুরে ফাঁকা বাড়িতে তার নিজের ঘরে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন রাবিয়াকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিংগাইর থানার এসআই মো. জহিরুল ইসলাম জানান, ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।