রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি, ফালু মিয়া:
নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নে ছিনতাই, মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং ও অনলাইন জুয়াসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ ব্যবস্থা জোরদারের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় প্রশাসন ও সচেতন নাগরিকদের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন চালাকচর ইউনিয়নের সাবেক মেম্বার হযরত আলী।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, ছিনতাই, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ নির্মূল করতে হলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা যথেষ্ট নয়; বরং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। বিশেষ করে কিশোর-কিশোরীদের সঠিক দিকনির্দেশনা, নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার মাধ্যমে তাদের অপরাধ প্রবণতা থেকে দূরে রাখা সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. শাহিনুল ইসলাম বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসা, ছিনতাই, কিশোর গ্যাং এবং অনলাইন জুয়ার মতো অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, “সামাজিক অবক্ষয় প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবাই সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করলে সমাজে অপরাধ প্রবণতা অনেকাংশে হ্রাস পাবে।”
সভায় বক্তারা তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক বেষ্টনী গড়ে তোলার মাধ্যমে অপরাধ প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।