সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন

শিরোনাম :
মুক্তি পেলেন বাউল আবুল সরকার হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ নীলফামারী ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ তথ্যের অবাধ প্রবাহের সঙ্গে অপতথ্য রোধ সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী বৈঠক ব্যর্থ, তিন ইস্যুতে বিরোধ বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরানের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই মারা গেছেন বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা লাল কার্ডে সর্বনাশ, আতলেতিকোর কাছে হেরে চাপে বার্সা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা লিঙ্গ পরিবর্তন করে এসে দেখে অন্য নারীর সাথে প্রেমিক: বরিশালে চাঞ্চল্যকর অভিযোগ
ঘরমুখো মানুষের নিরাপত্তায় মাঠে র‌্যাব-১০, নজরদারিতে ড্রোন

ঘরমুখো মানুষের নিরাপত্তায় মাঠে র‌্যাব-১০, নজরদারিতে ড্রোন

ডেস্ক নিউজ: আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব-১০ এর দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা নিশ্চিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এ লক্ষ্যে সম্মানিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়, যেখানে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরা হয়।

র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই “বাংলাদেশ আমার অহংকার” স্লোগান ধারণ করে সংস্থাটি দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী সন্ত্রাসী ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধ দমনে র‌্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে। ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং ছুটি শেষে ঢাকায় ফেরা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।

ঈদযাত্রা সামনে রেখে রাজধানীর বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটগুলোতে যাত্রীদের ভিড় বাড়ছে। এই সময়ে চুরি, ছিনতাই, অজ্ঞান পার্টি, টানা পার্টি ও প্রতারক চক্রের তৎপরতা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকায় গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। র‌্যাব-১০ জানায়, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর ব্যস্ততম পয়েন্টগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

এ প্রেক্ষাপটে র‌্যাব-১০ চুরি-ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত রোবাস্ট পেট্রোলের পাশাপাশি সাদা পোশাকে সদস্য মোতায়েন করেছে। গুরুত্বপূর্ণ স্থানে কন্ট্রোল রুম স্থাপন, বিভিন্ন সড়ক ও মোড়ে চেকপোস্ট বসানো, জাল টাকা শনাক্তকরণ এবং ট্রাফিক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে ফুট পেট্রোল এবং সাইবার নজরদারিও জোরদার করা হয়েছে।

র‌্যাবের তথ্য অনুযায়ী, ঈদ উপলক্ষে প্রায় পৌনে দুই কোটি মানুষ ঢাকা ছাড়বে। এতে করে সদরঘাট লঞ্চ টার্মিনালসহ বিভিন্ন যাত্রীকেন্দ্রিক এলাকায় ব্যাপক চাপ সৃষ্টি হচ্ছে। নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সদরঘাট ও বুড়িগঙ্গা নদী এলাকায় র‌্যাব-১০ সদস্যরা টহল দিচ্ছেন। এছাড়া সদরঘাট লঞ্চ টার্মিনাল ও সায়দাবাদ বাস টার্মিনালে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। ডেমরা, যাত্রাবাড়ী, ধোলাইপাড়, শ্যামপুর, ওয়ারী, সায়দাবাদ ও মাওয়া ঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩২টি নিয়মিত পেট্রোল টিম ও ৬টি সাদা পোশাকের টিম মোতায়েন রয়েছে।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব বিশেষ সতর্কতামূলক পরামর্শও দিয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে বাসের ছাদে, ট্রাক বা পণ্যবাহী যানবাহনে ভ্রমণ না করা, ট্রেনের ছাদ বা ঝুঁকিপূর্ণ স্থানে না ওঠা এবং অপরিচিত কারও কাছ থেকে খাবার বা পানীয় গ্রহণ না করার আহ্বান জানানো হয়েছে।

এদিকে র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান, পিপিএম জানান, লঞ্চ ও বাস টার্মিনালগুলোতে সার্বক্ষণিক ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও যাত্রীদের সঙ্গে মতবিনিময়কালে লঞ্চ মালিকদের অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার নির্দেশনা দেন। কোনো অনিয়ম হলে যাত্রীদের র‌্যাব-১০ এর কন্ট্রোল রুমে অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি।

সার্বিকভাবে ঈদকেন্দ্রিক ছুটিতে মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-১০ এর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। প্রয়োজনে যে কেউ র‌্যাব-১০ এর কন্ট্রোল রুমের ০১৭৭৭৭১১০৯৯ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com