বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
ফালু মিয়া, বিশেষ প্রতিনিধি:
নরসিংদীর একটি বেসরকারি হাসপাতালে গর্ভবতী এক নারীর চিকিৎসাকালীন অপারেশন থিয়েটারে অশালীন আচরণের অভিযোগে এক চিকিৎসকের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম। একই সঙ্গে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে সংগঠনটির প্যাডে স্বাক্ষরিত এক বিবৃতিতে সভাপতি মমতাজ আরা বেগম এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, নরসিংদী জেলা হাসপাতালে গর্ভপাতকালীন চিকিৎসা দিতে গিয়ে অভিযুক্ত চিকিৎসক ডা. আসাদুজ্জামান সুমন অপারেশন থিয়েটারের টেবিলে থাকা রোগীর সঙ্গে অশোভন ও কুরুচিপূর্ণ ভাষায় কথা বলেন। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, এনেস্থেশিয়া দেওয়ার সময় তিনি এ ধরনের আপত্তিকর মন্তব্য করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন নার্স ও অন্যান্য হাসপাতাল কর্মীরাও।
ঘটনাটিকে “ন্যক্কারজনক” আখ্যা দিয়ে সংগঠনটি জানায়, চিকিৎসার মতো সংবেদনশীল পরিবেশে এ ধরনের আচরণ শুধু অনৈতিক নয়, বরং রোগীর মানসিক ও শারীরিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এতে স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় বলেও উল্লেখ করা হয়।
আরও বলা হয়, এ ধরনের আচরণ রোগীর মানসিক নির্যাতনের শামিল এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে অভিযুক্ত চিকিৎসককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
একই সঙ্গে ঘটনাটি ধামাচাপা দেওয়ার কোনো চেষ্টা হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল দৈনিক নিখাঁদ খবরের মাল্টিমিডিয়ায় ভুক্তভোগী নারী ও অভিযুক্ত চিকিৎসককে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং বিষয়টি নরসিংদীতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।