মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
ফালু মিয়া, বিশেষ প্রতিনিধি:
নরসিংদী জেলা হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জেলার গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে দালাল চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ডিবির অফিসার ইনচার্জ (ওসি) আবুল কায়েছ আকন্দ। গোপন সংবাদের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহিদা চৌধুরীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি সমন্বিত দল নরসিংদী জেলা হাসপাতালে এই অভিযান চালায়।
আটককৃতরা হলেন— মাসুম মিয়া (৩৯), মাহফুজ ভূইয়া (১৭), মোছা. পারুল বেগম (৪২) ও তাহেরা বেগম (৩৫)। অভিযানকালে তাদের হাসপাতাল এলাকায় দালালির সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাতেনাতে আটক করা হয়।
ডিবি সূত্র জানায়, সরকারি হাসপাতালে রোগীদের নির্বিঘ্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং দালালদের দৌরাত্ম্য বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের অর্থদণ্ড ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। তবে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মাহফুজ ভূইয়াকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হাসপাতাল এলাকায় দালালদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।