বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
দুই সন্তানসহ অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামী আটক

দুই সন্তানসহ অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামী আটক

রংপুরে দুই শিশুসন্তানসহ অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রোববার (৮ ডিসেম্বর) দুপুরে নগরীর ২৫ নং ওয়ার্ডের কামালকাছনা বীরভদ্র এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধারসহ স্বামী আব্দুর রাজ্জাককে (৩৮) আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন- আব্দুর রাজ্জাকের স্ত্রী আসফিয়া আক্তার রত্না (৩২) এবং মেয়ে নেহা (৩) ও ছেলে নিশাত (১)।

স্থানীয়রা জানান, প্রায় এক বছর আগে কামালকাছনা বীরভদ্র ও বাহারকাছনা সীমান্তবর্তী হাতীভাঙা ব্রিজ সংলগ্ন এলাকায় জমি কিনে বসবাস শুরু করেন আব্দুর রাজ্জাক। রোববার বেলা ১১টার দিকে প্রতিবেশী এক নারী ওই বাড়িতে গিয়ে ঘরের ভেতর দুই শিশুসন্তানসহ গৃহবধূ রত্নার মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তিনি আব্দুর রাজ্জাকের হাতে ও গলায় রক্ত দেখতে পেয়ে চিৎকার করলে অন্যরা ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরিসহ আব্দুর রাজ্জাককে আটক করে।

নিহত রত্নার ভাই এসএম আব্দুর রশীদ বলেন, তার বোনের স্বামী আব্দুর রাজ্জাক মাদকাসক্ত। গত ছয় মাস আগে অটোরিকশা কেনার জন্য টাকা দাবি করলে তাকে ৭০ হাজার টাকা দেয়া হয়। এছাড়া টাকার জন্য তার বোনকে প্রায়ই মারধর করতো রাজ্জাক। শনিবার রাতে টাকা চাওয়াকে কেন্দ্র করে রত্নাসহ দুই শিশুকে হত্যা করা হয়। এ ঘটনায় রাজ্জাকের মা ও বোন জড়িত থাকতে পারে দাবি করে তিনি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তসহ ন্যায়বিচার দাবি করেন।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ দুই শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যার পর ঘাতক আব্দুর রাজ্জাক নিজেও আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আব্দুর রাজ্জাককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদসহ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com