রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
বিয়ের পরে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে কথা বললেন সালমান মুক্তাদির। সবার সামনেই স্ত্রীর গালে ভালোবেসে এঁকে দিলেন চুম্বন চিহ্ন। স্ত্রীকে সঙ্গে নিয়ে বিয়ের পরে প্রথমবার হাজির হয়েছিলেন রাজধানীর স্টার সিনেপ্লেক্সের একটি হলিউড সিনেমার প্রিমিয়ার শোতে। সেখানেই সালমান কথা বললেন প্রেসের সঙ্গে।
বিয়ের পর অনেক ভালো সময় কাটছে- জানালেন স্ত্রী দিশা। বললেন, ‘সে অনেক কেয়ারিং, আমার অনেক খেয়াল রাখে। বাসায় বাচ্চাদের সঙ্গে অনেক মজা করে, আনন্দ করে। আমি এটা খুবই ভালোবাসি।’
বিয়ের পূর্বে কী ধরনের যুদ্ধ, কী ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি সালমান। বিষয়টি নিজেই জানালেন তিনি। বললেন, ‘আসলে আমাকে যে যুদ্ধ করতে হয়েছে বিষয়টা তেমন না, ওকেই (দিশা) বেশি যুদ্ধ করতে হয়েছে। পূর্বে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। কোনোভাবেই যোগাযোগ করতে পারত না। আমিও কনফিউশনে ছিলাম। আমার অতীত নিয়ে বিশ্বাসযোগ্যতার একটা বিষয় ছিল। তাই আমিও বুঝতেছিলাম না প্ল্যানটা কী? শেষমেশ প্ল্যান হলো, সব কিছু ছেড়েছুড়ে সে আমার কাছে চলে আসবে।’
পূর্বের সম্পর্ক নিয়ে বলেন, ‘আসলে আমি এমন এক ছেলে, যার জন্য মেয়ে পাওয়া খুব একটা কঠিন কিছু হতো না। আর শুধু রিলেশনশিপে যেতেও ইচ্ছে করছিল না। কিন্তু পূর্বে যাদের সঙ্গে রিলেশন ছিল তারা কেউই বিয়ের জন্য প্রস্তুত ছিল না, হয়তো হাইপের জন্য এসেছে। আমি ভেবেছি যদি লয়াল থাকতে হয় তাহলে বিয়ের মতোই সম্পর্ক দরকার। তাই বিয়েটা করেছি।’
সালমান বলেন, ‘আমি ভালোবাসাটা আর কেউ দিতে পারত না এটা হান্ড্রেড পার্সেন্ট সিওর। ওই ফুর্তি-আমোদ, ওটার জন্য আমি এটা স্যাক্রিফাইস করতাম না। আমাকে বিয়ে করে এত নেগেটিভিটিতে কোনো মেয়ে টিকতে পারত না, সহ্যই করতে পারত না। একমাত্র দিশাই এটা পেরেছে। বিয়ের পর অজস্র বাজে কথা শুনেও ও স্বাভাবিক থেকেছে। তাই আমি মনে করি, পৃথিবীতে দিশার চেয়ে বেটার কেউ হতে পারে না। পারবেও না।’