শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

রাঙামাটিতে নারী ও মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টাসহ ১০ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে ছাত্রদল–যুবদলের দুই নেতা গ্রেপ্তার

রাঙামাটিতে নারী ও মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টাসহ ১০ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে ছাত্রদল–যুবদলের দুই নেতা গ্রেপ্তার

রাঙামাটি শহরের একটি হোটেলে নারী ও মাদক ব্যবহার করে স্থানীয় এক ইউপি মেম্বারকে ফাঁসানোর চেষ্টা এবং ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে জেলা ছাত্রদল ও সদর উপজেলা যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার (২২ নভেম্বর ২০২৫) রাতে শহরের মোটেল জর্জ–এর একটি কক্ষে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বুড়িঘাট ৫নং ওয়ার্ডের মেম্বার ও নানিয়ারচর উপজেলা যুবদলের সদস্য মোঃ মোস্তফা (৪০) ব্যবসায়িক কাজে রাঙামাটিতে এসে রাতে অবস্থানের জন্য ছাত্রদলের জেলা সহ-সভাপতি মোঃ সুজন এবং সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রহিম–এর সহায়তায় মোটেল জর্জের ৩ নম্বর রুমে ওঠেন। একই সময়ে সুজন ও রহিম ১ নম্বর রুমটিও বুকিং করেন।

অভিযোগ অনুযায়ী রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে তারা পূর্বপরিকল্পিতভাবে ‘প্রিয়া’ নামের এক নারীকে মেম্বার মোস্তফার কক্ষে পাঠান। এরপর ইয়াবা ও গাঁজা দেখিয়ে তাকে ফাঁসানোর ভয় দেখানো হয় এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে রাতভর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়।

পরদিন রবিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে মানসম্মানের ভয় থেকে মেম্বার মোস্তফা বিকাশ ও নগদের মাধ্যমে ১ লাখ ৮০ হাজার টাকা দিতে বাধ্য হন বলে অভিযোগে উল্লেখ আছে। তবে টাকা নিলেও অভিযুক্তরা থামেননি; বরং তাকে উলঙ্গ অবস্থায় ওই নারীর সাথে আপত্তিকর কিছু ছবি তোলে এবং বিষয়টি জানালে ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দেন।

ঘটনার খবর পেয়ে মোস্তফার স্ত্রী ও নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান মোটেলে আসেন। এ সময় কথাকাটাকাটির এক পর্যায়ে ঘটনাটি প্রকাশ্যে আসে এবং এলাকায় উত্তেজনা তৈরি হয়।

খবর পেয়ে কোতোয়ালি থানার কিলো–৩ টিমের এসআই চন্দনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৪টার দিকে ছাত্রদল নেতা মোঃ সুজন ও যুবদল নেতা মোঃ রহিমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com