বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টা নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন।

প্রধান উপদেষ্টা তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত।

প্রধান উপদেষ্টা আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ড. ইউনূস সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন।

অন্যদিকে নয়াপল্টনে বিএনপি মহাসচিব জানান, গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রামকারী নেত্রী খালেদা জিয়া গত দুই দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

মির্জা ফখরুল বলেন, গতকাল (২৭ নভেম্বর) রাতেই ডাক্তাররা বলেছেন তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। এ কারণে, দলের পক্ষ থেকে গণতন্ত্রের এই নেত্রীর রোগমুক্তির জন্য সারাদেশের জনগণের কাছে এবং মসজিদে মসজিদে বাদ জুমা দোয়ার আহ্বান জানানো হয়েছিল।
তিনি বলেন, আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন। তিনি যেন সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে দেশের মানুষের কাজ করার সুযোগ পান।দোয়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com