শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন তার নাতনি জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা। শুক্রবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত কবরে গিয়ে তারা জিয়ারত করেন।
সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের প্রায় ২০ জন সদস্যকে সঙ্গে নিয়ে জাইমা রহমান জিয়া উদ্যানে পৌঁছান। সেখানে তারা কিছু সময় অবস্থান করে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। প্রায় ১০টা ৪০ মিনিটের দিকে তারা কবরস্থান ত্যাগ করেন।
এ সময় জাইমা রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের ঘনিষ্ঠ স্বজনরা।
উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক এই প্রধানমন্ত্রীকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হয়।
এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে সর্বস্তরের মানুষ অংশ নেন।