শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

রংপুর বিজিবির অভিযানে এক মাসে ৭ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

রংপুর বিজিবির অভিযানে এক মাসে ৭ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

 

রংপুর রিজিয়নের আওতাধীন ১,৬৬৮.৮৫৪ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় ডিসেম্বর–২০২৫ মাসে পরিচালিত সমন্বিত ও ধারাবাহিক অভিযানে সীমান্ত নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কুড়িগ্রাম বিজিবি হলরুমে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে রংপুর রিজিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক জানান, এক মাসের অভিযানে ৭০ জন আসামিসহ আনুমানিক ৭ কোটি ৪৮ লাখ ৯৩ হাজার ৪৮৯ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। আটককৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ভারতীয় ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন নেশাজাতীয় সিরাপ।

এছাড়া অভিযানে ৬টি বিদেশী পিস্তল ও ২৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। চোরাচালান বিরোধী অভিযানে ১৬৪টি গরু ও ৩৩টি মহিষসহ মোট ১৯৭টি গবাদিপশু উদ্ধার করা হয়। একই সঙ্গে মোটরসাইকেল, কসমেটিকস, কাপড়, কীটনাশক, জিরা, বাইসাইকেল ও কষ্টিপাথরসহ বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে।
মানব পাচার প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে পাচারের ঝুঁকিতে থাকা ১৫ জনকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি জাল টাকা পাচার ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

বিজিবি আরও জানায়, জনকল্যাণমূলক দায়িত্ব পালনের অংশ হিসেবে ডিসেম্বর মাসে ১ হাজার ১২৫ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ এবং ১ হাজার ১০০ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।
বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত নিরাপত্তা ও অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় রংপুর রিজিয়নে অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com