শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

উপকূল অতিক্রম করছে ইয়াস

উপকূল অতিক্রম করছে ইয়াস

ডেস্ক রিপোর্ট: অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’ বাংলাদেশের উপকূল অতিক্রম শুরু করেছে। তবে বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা নেই ইয়াসের। ফলে ঘূর্ণি বাতাসে দেশের উপকূলীয় অঞ্চলে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাও কম। তবে ঘূর্ণিঝড় ও পূর্ণিমার কারণে জোয়ারের পানিতে উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল কিছুটা প্লাবিত হতে পারে। আজ বুধবার (২৬ মে) সকালে এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক কাওছার পারভীন।

আজ বুধবার (২৬ মে) সকাল সোয়া ৯টার দিকে ভারতের আবহাওয়া দফতরের বুলেটিনে জানানো হয়, ওড়িষার বালেশ্বরের দক্ষিণে ধামরা উপকূলে প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়ছে ইয়াস। অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হানলেও এটির কেন্দ্র এখনও ওড়িশার ধামরা থেকে ৪৫ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্ব, পশ্চিমবঙ্গের দিঘা থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিম ও বালেশ্বর থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্বে অবস্থান করছে।

বুলেটিনে আরও বলা হয়, গত ৬ ঘণ্টা ধরে ঘণ্টায় ১৭ কিলোমিটার গতিবেগে এগোচ্ছে ইয়াস। বুধবার দুপুরের মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে ইয়াস ওড়িশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মধ্যে ওড়িশার বালেশ্বরের দক্ষিণ ও ধামরার উত্তর দিক দিয়ে অতিক্রম করে যাবে। এটি পরে ঝাড়খণ্ডের দিকে চলে যাবে।

তবে আগামীকাল বৃহস্পতিবার (২৭ মে) দুপুর পর্যন্ত গভীর নিম্নচাপের প্রভাবে ওড়িশার বালেশ্বর, ভদ্রক, কেন্দ্রাপাড়া, জগৎসিংহপুরের মতো উপকূলবর্তী বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিবঙ্গের বিভিন্ন জেলায়ও। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা।

এদিকে, বাংলাদেশের আবহাওয়া অধিদফতর বিশেষ বুলেটিনে জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ৩ ঘণ্টার ব্যবধানে বাংলাদেশ উপকূল থেকে কিছুটা দূরে সরে গেছে। গত ৩ ঘণ্টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১০ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫ কিলোমিটার দূরে সরে গেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com