বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

পরীমণিকে আরও ৫ দিনের রিমান্ডে চায় সিআইডি

পরীমণিকে আরও ৫ দিনের রিমান্ডে চায় সিআইডি

আদালত প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের বহুল বিতর্কিত চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণির বনানী থানার মাদক মামলায় আদালতে আরও পাঁচ দিনের রিমান্ড চেয়েছে সিআইডি।

বুধবার (১৮ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত বৃহস্পতিবার (১৯ আগস্ট) এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন।

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

পরীমণির জামিন আবেদনে বলা হয়, আসামি একজন মহিলা। ফলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এ মামলায় তিনি জামিন পেতে পারেন। জামিন পেলে তিনি জামিনের শর্ত ভঙ্গ করবেন না এবং আদালতের নির্দেশনা মোতাবেক জরিমানা দেবেন। দীর্ঘ ছয় দিনের রিমান্ডে থাকাসহ প্রায় ২৬ ঘণ্টা পুলিশ হেফাজতে থাকলেও মামলাসংক্রান্ত জিজ্ঞাসাবাদে আসামির বিরুদ্ধে কোনও গুরুত্বপূর্ণ তথ্য বা সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি। তিনি ভারটিগো ও পেনিক অ্যাটাক রোগী। দীর্ঘ সময় পুলিশ কাস্টডিতে থেকে নির্যাতনের শিকার হয়ে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এজাহারে বর্ণিত মদ ও অন্যান্য মাদক আসামির দখল ও নিয়ন্ত্রণ থেকে উদ্ধার হয়নি। তিনি ষড়যন্ত্রের শিকার। তাই পরীমণিকে জামিনে মুক্তি দেওয়া আবশ্যক।

এছাড়া আবেদনে মামলার জব্দ তালিকার অসঙ্গতি ও অভিযান পরিচালনা আইনসঙ্গত হয়নি বলেও উল্লেখ করা হয়েছে।

এর আগে, গত ১৬ আগস্ট পরীমণির আইনজীবী মজিবুর রহমান জামিনের আবেদন করেন। এরপর বিচারক আবেদন বিষয়ে বুধবার (১৮ আগস্ট) শুনানির জন্য দিন ধার্য করেছিলেন।

কারা সূত্র জানায়, নায়িকা পরীমণিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের কোয়ারেন্টাইন সেন্টারে (রজনীগন্ধা ভবন) রাখা হয়েছে। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু তিনি ডিভিশনপ্রাপ্ত হননি তাই কোয়ারেন্টাইন সময় পার হওয়ার পর তাকে অন্য বিচারাধীন সাধারণ বন্দির সঙ্গেই রাখা হবে।

প্রসঙ্গ, ৪ আগস্ট প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়। র‌্যাব বাদী হয়ে মাদক আইনে পরীমণির বিরুদ্ধে মামলা করে। মামলা দায়েরের পর তাকে আদালতে নেওয়া হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com