বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

দুই মামলায় জামিন পেলেন সম্রাট

দুই মামলায় জামিন পেলেন সম্রাট

আদালত প্রতিবেদক: অস্ত্র ও অর্থপাচারের অভিযোগে করা পৃথক মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ রবিবার (১০ এপ্রিল) অস্ত্র মামলায় ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদের ও অর্থপাচার মামলায় ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেন তার জামিন মঞ্জুর করেন।

এদিন অর্থপাচার মামলায় আসামি সম্রাটকে আদালতে হাজির করা হয়। এ সময় তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।

অপর দিক রিমান্ডের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

এর আগে গেল বছরের ২৪ মার্চ এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইমের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন আসামি সম্রাটকে তিন দিনের জন্য রিমান্ডে নিতে আবেদন করেন। এছাড়া অস্ত্র মামলায় জামিন চেয়ে আবেদন করেন সম্রাটের আইনজীবী। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেফতার করে র‍্যাব। পরে তাকে নিয়ে কাকরাইলের কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় ভেতর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, পিস্তল ও বিরল প্রজাতির বন্য প্রাণীর চামড়া উদ্ধার করা হয়। বন্য প্রাণীর চামড়া রাখার দায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com