বিজ্ঞাপনের চুক্তি স্বাক্ষরের কথা বলে শারীরিক নির্যাতনের অভিযোগ
বিজ্ঞাপনের চুক্তি স্বাক্ষরের কথা বলে হাসপাতালে ডেকে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা করেছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। রোববার (২৬ জুলাই) রাতে রাজধানীর খিলক্ষেত থানায় তিনি এ মামলা করেন।
মামলার অভিযোগে স্নিগ্ধা জানান, বিজ্ঞাপনের চুক্তির কথা বলে তাকে একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে আশিয়ান গ্রুপের চেয়ারম্যান তাকে ‘জেবা তাকিয়া’ ভেবে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি। এ সময় উপস্থিত থাকা ইমন পরিস্থিতি শান্ত না করে উল্টো তাকে ওই পরিচয় মেনে নেওয়ার জন্য ইশারা করেন বলেও দাবি করেন অভিনেত্রী।
স্নিগ্ধার অভিযোগ, তাকে রশি দিয়ে হাত-পা বাঁধা, চুল টেনে ধরা, গলা চেপে ধরা এবং শরীরের বিভিন্ন স্থানে লাথি মারা হয়। এতে তার শরীরের বিভিন্ন অংশ ফুলে যায়। তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় তাকে রাজনৈতিক ব্যক্তিদের নাম উল্লেখ করে হুমকি ও ভয়ভীতি দেখানো হয়।
অভিনেত্রীর দাবি, ঘটনার পর ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় প্রথমে আইনি পদক্ষেপ নেননি। পরে ন্যায়বিচারের আশায় থানায় গিয়ে মামলা করেন। পুলিশ অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে বলে জানা গেছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
উল্লেখ্য, স্নিগ্ধা চৌধুরী ২০১৮ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন। সম্প্রতি ঈদে মুক্তি পাওয়া ‘প্রেশার কুকার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় স্নিগ্ধার ।