স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নরসিংদীর রায়পুরায় নৃশংস ঘটনা
নরসিংদীর রায়পুরা উপজেলায় পারিবারিক কলহের জেরে আফিয়া আক্তার (৪৫) নামে পাঁচ সন্তানের জননীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মোহাম্মদ সুজনের বিরুদ্ধে। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার হাইরমারা ইউনিয়নের হাইরমারা গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে।
অভিযুক্ত সুজন মিয়া পেশায় একজন ইজিবাইক চালক। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুজন মাদকাসক্ত ছিলেন এবং মাদকের টাকার জন্য প্রায়ই স্ত্রীর সঙ্গে ঝগড়া ও মারধর করতেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।
সোমবার রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে সুজন ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে আফিয়ার বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।