রাষ্ট্র সংস্কার ও সুশাসনে গুরুত্ব দিয়ে
নরসিংদী জেলা তথ্য অফিসের বিশেষ প্রচারণা
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত নির্বাচনী ইশতেহার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ১৮০ দিনের মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে নরসিংদীতে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে ২০২৬) দুপুর ১২টায় নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
ইশতেহার বাস্তবায়নে বিশেষ রূপরেখা
সভায় জানানো হয়, রাষ্ট্র সংস্কার, সুশাসন নিশ্চিতকরণ, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক সুরক্ষার মতো বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে গণযোগাযোগ অধিদপ্তর দেশব্যাপী ব্যাপক প্রচারণা শুরু করেছে। এর অংশ হিসেবে নরসিংদী জেলা ও ইউনিয়ন পর্যায়ে 'গণতন্ত্র সংলাপ' ও 'ইশতেহার আলাপ' শীর্ষক বিশেষ ব্রিফিং সেশন এবং সিনেমা প্রদর্শনীর মাধ্যমে জনগণকে সচেতন করা হবে।
বক্তব্য ও উপস্থিতি
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান। তিনি বলেন, "সরকারের এই মহাপরিকল্পনা তৃণমূলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অপরিসীম। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে আমরা কাজ করছি।"
নরসিংদী জেলা তথ্য অফিসার মোঃ ওবাইদুল কবির মোল্লা বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, "আগামী ১৮০ দিনে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং জলবায়ু সুরক্ষা নিয়ে উঠান বৈঠক ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে প্রান্তিক মানুষকে সম্পৃক্ত করা হবে।"
সাংবাদিকদের সরব অংশগ্রহণ
ব্রিফিংয়ে নরসিংদী জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন:
এম এ আউয়াল, সভাপতি, নরসিংদী জেলা প্রেস ক্লাব।
সফিকুল ইসলাম মতি, সিনিয়র সহ-সভাপতি, নরসিংদী জেলা প্রেস ক্লাব ও প্রতিনিধি, গ্লোবাল টেলিভিশন।
মহাপরিকল্পনার মূল দিকসমূহ:
সভায় ১৮০ দিনের কর্মসূচির পাঁচটি মূল স্তম্ভ নিয়ে আলোচনা করা হয়:
১. রাষ্ট্র সংস্কার ও গণতন্ত্র: জবাবদিহিমূলক প্রশাসন গঠনে স্থানীয় পর্যায়ে বিশেষ প্রচারণা।
২. সামাজিক সুরক্ষা: ফ্যামিলি কার্ড ও নারী ক্ষমতায়নে অনলাইন ও অফলাইন ক্যাম্পেইন।
৩. পরিবেশ রক্ষা: ‘সবুজের অভিযান’ শীর্ষক বৃক্ষরোপণ ও বর্জ্য ব্যবস্থাপনা সচেতনতা।
৪. ধর্মীয় সম্প্রীতি: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ধর্মীয় প্রতিষ্ঠানভিত্তিক কমিউনিটি সভা।
৫. সাংস্কৃতিক সুরক্ষা: দেশীয় ঐতিহ্য রক্ষায় ‘আমার সংস্কৃতি, আমার পরিচয়’ কর্মসূচি।
উপস্থিত সাংবাদিকরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান এবং স্থানীয় পর্যায়ে এর সঠিক বাস্তবায়নে তথ্য ও প্রচারণায় পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।