লক্ষ্য নিরাপদ গণপরিবহন
যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের নতুন কমিটি গঠন
সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ’-এর ৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের অনুমোদন পেয়েছে। আগামী দুই বছরের জন্য গঠিত এই নতুন কমিটি দেশের গণপরিবহনে যাত্রী অধিকার প্রতিষ্ঠা, হয়রানি প্রতিরোধ, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্ঘটনা প্রতিরোধে গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে।
সংগঠন সূত্রে জানা যায়, গত ২০ জুন ২০২৬ তারিখে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী গঠিত নির্বাচন কমিশনের মাধ্যমে নতুন কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়। পরবর্তীতে ২৫ জুন ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ও নিবন্ধীকরণ কর্তৃপক্ষ আবু সাঈদ মো. কাওছার রহমান এই কমিটিকে আনুষ্ঠানিক অনুমোদন দেন, যার কার্যকারিতা ২০ জুন ২০২৬ থেকে ১৯ জুন ২০২৮ পর্যন্ত বহাল থাকবে।
নতুন এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কামারুন নাহার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সায়মুন নাহার জিদনী। কমিটির অন্যান্য পদে রয়েছেন অর্থ সম্পাদক আবুল বাশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আব্দুল্লাহ আল যুবায়ের, দপ্তর সম্পাদক তুহিন ভূঁইয়া, প্রচার সম্পাদক মোক্তার হোসেন এবং দুর্ঘটনা ও গবেষণা সম্পাদক মো. আবদুল মতিন চৌধুরী।
নবনির্বাচিত নেতারা এক যৌথ বিবৃতিতে সমাজসেবা অধিদপ্তর ও সংগঠনের সাধারণ পরিষদের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দেশের সড়ক, রেল ও নৌপথে যাত্রীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ ও বৈষম্যহীন যাতায়াত ব্যবস্থা গড়ে তোলা এবং দুর্ঘটনা প্রতিরোধে গবেষণাভিত্তিক উদ্যোগ গ্রহণে নতুন কমিটি সক্রিয়ভাবে কাজ করবে। একই সঙ্গে যাত্রী হয়রানি রোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণেরও ঘোষণা দেন তারা। সংগঠনের নেতারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, একটি সম্পূর্ণ যাত্রীবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সরকারি ও বেসরকারি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করাই হবে এই নতুন কমিটির অন্যতম প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।