নিরপেক্ষ তদন্ত ও অপতৎপরতা রোখার হুঁশিয়ারি যুবদলের
পলাশে গোপন বৈঠককালে গ্রেপ্তার যুবলীগ নেতা
নরসিংদীর পলাশ উপজেলার আমদিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য সাখাওয়াত হোসেন সরন গ্রেপ্তারের ঘটনায় এক সংবাদ সম্মেলনে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ই এম মেহেদী হাসান। মঙ্গলবার বিকেলে বনাইদ বাজারস্থ বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে যুবদল নেতা ই এম মেহেদী হাসান বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে প্রকাশ্যে উসকানিমূলক স্লোগান দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে বনাইদ বাজারে দলীয় সহযোগীদের নিয়ে সাখাওয়াত গোপন বৈঠকে মিলিত হন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সাখাওয়াত হোসেন সরনকে গ্রেপ্তার করলেও অন্য সহযোগীরা কৌশলে পালিয়ে যায়। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে দলীয় নেতাকর্মীরা মাঠে সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানান তিনি।
আইনের শাসন ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানিয়ে মেহেদী হাসান বলেন, “যেকোনো অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি। আমরা আশা করি, এই গ্রেপ্তারের ঘটনাটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আসল সত্য উদঘাটন করা হবে। পাশাপাশি তদন্তের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সেই বিষয়েও সংশ্লিষ্ট প্রশাসনকে সতর্ক থাকতে হবে।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে কেউ যদি অপরাধে জড়ায়, তবে তার যথাযথ বিচার হওয়া উচিত। একই সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কাউকে অযথা হয়রানি করা হলে তাও মেনে নেওয়া হবে না।” নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতের মাধ্যমে জনগণের আস্থা বজায় রাখতে তিনি প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
উক্ত সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ দলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।