এমপি মঈনুল ইসলাম খান শান্তর ঐক্যের আহ্বান
সিংগাইরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইরে বর্ণাঢ্য কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে সিংগাইর সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে আসতে শুরু করেন। একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন থেকে বিএনপির সম্ভাব্য মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নেতৃত্বে পৃথক মিছিল মাঠে প্রবেশ করে। অনেক নেতাকর্মী রঙিন টি-শার্ট পরে, হাতে দলীয় পতাকা নিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে মিছিল করেন।
মিছিল, স্লোগান ও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে সিংগাইর পৌর শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠ নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে ওঠে।
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি ডা. মো. শফিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, “বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক ইতিহাস দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে জড়িয়ে আছে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হলে নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “সিংগাইর সরকারি পাইলট উচ্চবিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু গত ১৭ বছরে প্রতিষ্ঠানটি প্রত্যাশিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। খেলার মাঠসহ শিক্ষাপ্রতিষ্ঠানের জায়গাজমি অবৈধভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে। এর ফলে মাঠের স্বাভাবিক পরিবেশ ও সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানের জায়গা ও মাঠ দখলমুক্ত করে এর আধুনিকায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”
পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আলাউদ্দিন, খান মো. হাবিবুল আলম মোহাম্মদ আলী, আমজাদ হোসেন, আব্দুল মান্নান, আব্দুল গফুর, সদর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান জাহিনুর রহমান সৌরভ, উপজেলা কৃষক দলের সভাপতি মনিরুল হোসেন মোকা ও উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
এ সময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, মৎস্যজীবী দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।