নিষিদ্ধ মহিলা লীগ নেত্রী
কারাবন্দী মায়ের অপেক্ষায় থাকা তূর্যের মৃত্যু
মা কারাগারে, আর অসুস্থ সন্তান মৃত্যুর সঙ্গে লড়ছিল বাইরে। চিকিৎসা ও পরিচর্যার অনিশ্চয়তার মধ্যেই শেষ পর্যন্ত পৃথিবী থেকে বিদায় নিল বিশেষ চাহিদাসম্পন্ন শিশু নিস্বর্গ হোসেন তূর্য। শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
মৃত্যুর আগে মায়ের সঙ্গে একবার দেখা করার প্রবল ইচ্ছা ছিল তূর্যের। কিন্তু কারাগারের দূরত্বসহ নানা জটিলতায় সেই ইচ্ছা আর পূরণ হয়নি। তূর্যের মা শারমিন সুলতানাকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য ইতোমধ্যে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
বর্তমানে তূর্যের মরদেহ রাজধানীর আজিমপুরের বাসায় একটি ফ্রিজিং ভ্যানে রাখা হয়েছে। মায়ের প্যারোলে মুক্তির বিষয়ে সিদ্ধান্ত না এলে মরদেহ কাশিমপুর কারাগারের সামনে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন স্বজনরা।
এদিকে সাপ্তাহিক ছুটির কারণে প্যারোলের আবেদন নিয়ে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন পরিবারের সদস্যরা।
এর আগে গত ৬ অক্টোবর কারাগারে মায়ের অনুপস্থিতিতে অসুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন তূর্যের চিকিৎসা, ওষুধপত্রের সংকট এবং অসমাপ্ত আরেকটি অস্ত্রোপচার নিয়ে পরিবারের উদ্বেগের বিষয়টি গণমাধ্যমে উঠে আসে। ওই প্রতিবেদনে অসুস্থ বড় ভাইয়ের দেখভালের দায়িত্ব ছোট বোন তূর্নির ওপর পড়ার বিষয়টিও তুলে ধরা হয়েছিল। পারিবারিক সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে তূর্য তার খালার কাছে থাকত।
পরিবার ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, পারিবারিক বিরোধের জেরে গত ৩ অক্টোবর গভীর রাতে রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে শারমিন সুলতানাকে আটক করে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরোনো মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
আটকের আগে কয়েক দিন ধরে নিজ বাসায় ‘মব’ ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছিলেন শারমিন সুলতানা ও তাঁর আইনজীবী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুব মহিলা লীগের সাবেক নেত্রী হওয়ায় পারিবারিক বিরোধ থেকে সৃষ্ট পরিস্থিতি রাজনৈতিক রূপ নেয় বলেও অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের সময় অসুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের দেখভালের বিষয়টি তুলে ধরে শারমিন সুলতানার আকুতি এবং শেষ পর্যন্ত মায়ের সান্নিধ্য ছাড়াই তূর্যের মৃত্যুর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।