কপ-৩১: বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা
আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠেয় ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এ বাংলাদেশের কার্যকর ও সফল অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম।
সভায় কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের সার্বিক প্রস্তুতি, আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় দেশের অবস্থান নির্ধারণ, বাংলাদেশ প্যাভিলিয়ন স্থাপন, সাইড ইভেন্ট আয়োজন এবং প্রতিনিধিদলের অংশগ্রহণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় জানানো হয়, গত ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত কমিটির প্রথম সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
কপ-৩১-এর আলোচ্যসূচি অনুযায়ী বাংলাদেশের খসড়া পজিশন পেপার প্রস্তুত ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে তা চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ন্যায্য রূপান্তর (Just Transition), ইউরোপীয় ইউনিয়নের কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম (CBAM), আঞ্চলিক সহযোগিতা এবং আঞ্চলিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা নিয়ে কারিগরি প্রতিবেদন ও পলিসি ব্রিফ প্রস্তুতের বিষয়েও আলোচনা হয়।
আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে স্বল্পোন্নত দেশগুলোর জোট (LDC Group), উন্নয়নশীল দেশ ও সমমনা রাষ্ট্রগুলোর সঙ্গে যোগাযোগ ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশ, নেপাল ও ভুটানের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যৌথ অবস্থান গ্রহণের সুযোগও পর্যালোচনা করা হবে।
কপ-৩১ সম্মেলন প্রাঙ্গণে বাংলাদেশের প্যাভিলিয়নে দেশের জলবায়ু ঝুঁকি, অভিযোজন অভিজ্ঞতা, NDC 3.0, জাতীয় অভিযোজন পরিকল্পনা (NAP), জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি (Loss and Damage), নবায়নযোগ্য জ্বালানি, কার্বন বাজার, প্রকৃতিনির্ভর সমাধান এবং স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগ তুলে ধরার পরিকল্পনা রয়েছে।
এ লক্ষ্যে প্যাভিলিয়নের নকশা, ব্র্যান্ডিং, প্রদর্শনী উপকরণ, সাইড ইভেন্টের ক্যালেন্ডার ও পরিচালন পরিকল্পনা চূড়ান্ত করার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
সভায় মূল জলবায়ু আলোচনায় বিষয়ভিত্তিক ও পর্যাপ্ত প্রতিনিধিত্ব নিশ্চিত করা, নতুন ও তরুণ কর্মকর্তাদের আলোচনায় সম্পৃক্ত করা এবং প্রতিনিধিদলের নিবন্ধন, ভিসা, যাতায়াত ও আবাসনসহ প্রয়োজনীয় প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
কপ-৩১-এর প্রস্তুতি সমন্বয়ের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গত ১৮ আগস্ট একটি কারিগরি সমন্বয় কমিটি এবং তিনটি উপকমিটি গঠন করে। উপকমিটিগুলো হলো—পজিশন পেপার প্রণয়ন উপকমিটি, প্যাভিলিয়ন স্থাপন ও সাইড ইভেন্ট আয়োজন উপকমিটি এবং লজিস্টিক সাপোর্ট উপকমিটি।
বুধবারের সভায় তিনটি উপকমিটির কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞদের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে কপ-৩১-এর প্রস্তুতি আরও সুসংহত করার বিষয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের অংশ হিসেবে ১১ ও ১২ নভেম্বর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন (World Leaders’ Summit) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
.jpeg)