ঠাকুরগাঁও সদর থানা ও চৌকিদারী প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার
আজ ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ২০২৬ খ্রিস্টাব্দ ঠাকুরগাঁও সদর থানা পরিদর্শন করেন ঠাকুরগাঁও জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন। থানা প্রাঙ্গণে উপস্থিত হলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপারকে, অফিসার ইনচার্জ, ঠাকুরগাঁও সদর থানার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে পুলিশ সুপার মোঃবেলাল হোসেন, থানার সার্বিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। তিনি থানার অস্ত্রাগার, হাজতখানা, ব্যারাক, মেস, ডাইনিং, থানা বাউন্ডারি এবং বিভিন্ন রেজিস্টার ও নথিপত্র পরিদর্শন ও পর্যালোচনা করেন। পাশাপাশি থানার অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং পুলিশ সদস্যদের আবাসন ও দৈনন্দিন সুযোগ-সুবিধার বিষয়েও প্রয়োজনীয় খোঁজখবর নেন।
এ সময় পুলিশ সুপার মহোদয় থানায় কর্মরত সকল পুলিশ সদস্যের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা, অসুবিধা ও কর্মপরিবেশ সংক্রান্ত বিষয় সম্পর্কে অবগত হন। তিনি উত্থাপিত বিষয়গুলো বিধি মোতাবেক পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানায় গুরুত্বপূর্ণ মামলাসমূহের অগ্রগতি পর্যালোচনা করেন এবং মামলাগুলোর তদন্তের অগ্রগতি, আসামি গ্রেপ্তার, তথ্য-প্রমাণ সংগ্রহসহ তদন্তের বিভিন্ন দিক সম্পর্কে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তাদের কাছ থেকে অবহিত হন। তিনি মামলার তদন্ত নিরপেক্ষ, সুষ্ঠু, নির্ভুল ও সময়োপযোগীভাবে সম্পন্ন করার জন্য তদন্তকারী কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের অংশ হিসেবে পুলিশ সুপার মহোদয় ঠাকুরগাঁও সদর থানাধীন চৌকিদার প্যারেড পরিদর্শন করেন এবং উপস্থিত চৌকিদার ও দফাদারদের সঙ্গে মতবিনিময় করেন। গ্রাম পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে তাদের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি চৌকিদার ও দফাদারদের নিজ নিজ এলাকায় সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন, স্থানীয় পর্যায়ে অপরাধ প্রবণতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখা এবং কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া মাত্র তা দ্রুত থানা পুলিশকে অবহিত করার নির্দেশনা দেন।
বিশেষ করে মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি, ছিনতাইসহ অন্যান্য অপরাধ প্রতিরোধে থানা পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় বজায় রেখে কাজ করার জন্য উপস্থিত গ্রাম পুলিশ সদস্যদের নির্দেশ প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় বলেন, গ্রামীণ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ এবং গ্রাম পুলিশের পারস্পরিক সহযোগিতা ও তথ্যের আদান-প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় পর্যায়ে মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার কারণে গ্রাম পুলিশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য থানা পুলিশের কাছে পৌঁছে দিতে কার্যকর ভূমিকা পালন করতে পারে। একইভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার তদন্ত, অপরাধের তথ্য সংগ্রহ এবং অপরাধের রহস্য উদঘাটনের ক্ষেত্রেও গ্রাম পুলিশের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় ঠাকুরগাঁও সদর থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে থানায় কর্মরত পুলিশ সদস্যদের দক্ষতা, পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ আলমগীর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), প্রকৃতি ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), ঠাকুরগাঁও অফিসার ইনচার্জ, ঠাকুরগাঁও সদর থানা এবং থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্স।