মাদকদ্রব্য কিশোর গ্যাং নির্মূল করি-- এমন স্লোগানে কমিউনিটি পুলিশ কাবাডি উদ্বোধন
মাদকদ্রব্য কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ সুন্দর জীবন গড়ি এমন স্লোগানে লক্ষ্মীপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২৬।
মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর পুলিশ লাইন্স মাঠে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
লক্ষ্মীপুর জেলা পুলিশের আয়োজনে এবং জেলা কমিউনিটি পুলিশের সহযোগিতায় এমন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন জেলা কমিউনিটি পুলিশের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, জাকির হোসেন পাটোয়ারী, সাংবাদিক আনিছ কবির, মো. আজাদ, আমিনুল ইসলাম রাজু, মো. ইব্রাহিম, সাংবাদিক মাহমুদ ফারুকসহ অনেকেই। প্রতিযোগিতায় লক্ষ্মীপুর জেলার ৬টি উপজেলার অনূর্ধ্ব-২০ বালক ও বালিকা ১২টি দল অংশ নেয়।
কাবাডি খেলা উদ্বোধনের সময় বিভিন্ন উপজেলার খেলোয়াড়, পুলিশ কর্মকর্তা এবং স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের উপস্থিতিতে মুখরিত হয় পুলিশ লাইন্স মাঠ।
দিনব্যাপী এই টুর্নামেন্টে বিকেলে ফাইনাল খেলা শেষে জেলা পুলিশ সুপার মো. আবু তারেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।