সরকার খেলাধুলাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে: কুমিল্লায় মাহ্দী আমিন
বাংলাদেশ সরকার শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন। মঙ্গলবার কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহ্দী আমিন আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রীর একটি বিশেষ ভিশন রয়েছে, আমরা শিক্ষা ব্যবস্থায় ক্রীড়াকে অনেক বেশি গুরুত্ব দিতে চাই। আপনারা অবগত আছেন, আগামী বছর থেকে চতুর্থ শ্রেণী (ক্লাস ফোর) থেকে খেলাধুলাকে একটি স্বতন্ত্র বিষয় (সাবজেক্ট) হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আমাদের মূল লক্ষ্য তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রতিটি শিক্ষা কার্যক্রমে ক্রীড়াকে সরাসরি সম্পৃক্ত করা। সেই লক্ষ্যেই এবার অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যেখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত দেশের প্রায় ৩০ হাজার স্কুল, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিকভাবে দাবা, হ্যান্ডবল, সাঁতার এবং কাবাডি—এই চারটি খেলায় অংশ নিয়েছে। আজ সেখান থেকে সারা দেশ থেকে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে আসা ৩ শতাধিক শিক্ষার্থীকে নিয়ে ফাইনাল রাউন্ড শুরু হচ্ছে।
উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা বিশ্বাস করি, আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান। আমাদের শিক্ষার্থীরা তাদের মেধা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে বিশ্বমানচিত্রে বাংলাদেশকে একটি উন্নত ও সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার অগ্রযাত্রায় রয়েছে।
তিনি আরও যোগ করেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্রীড়াকে আমাদের শিক্ষা ব্যবস্থার একটি অনিবার্য উপকরণ হিসেবে রূপান্তর করার যে প্রয়াস, এটি তার একটি বড় পদক্ষেপ। আমরা বিশ্বাস করি আমাদের এই ধারাবাহিকতা বজায় থাকবে। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন ‘প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হবে। আমরা সেটিও অনেক বৃহৎ পরিসরে আয়োজন করব।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি জাতীয় ক্রীড়া সমিতির আয়োজনে এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের সার্বিক ব্যবস্থাপনায় এই গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসা-র চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনউদ্দীন আল মাহমুদ সোহেল।