পরিবহন-পানি ব্যবস্থাপনায় আধুনিক দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন প্রবাসী প্রকৌশলী
দেশের অবকাঠামো উন্নয়ন ও টেকসই পরিবেশ নিশ্চিতে অবদান রাখতে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী প্রকৌশলী মোহাম্মদ এ আলিম।
সম্প্রতি এক মতবিনিময়ে তিনি জানান, যুক্তরাষ্ট্রে প্রায় ২৯ বছরের অভিজ্ঞতায় পরিবহন প্রকৌশল, জলবায়ু-সংবেদনশীল অবকাঠামো ও পানি ব্যবস্থাপনায় কাজ করেছেন, যা বাংলাদেশের জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক।
প্রধানমন্ত্রীর প্রবাসীদের দেশ উন্নয়নে অংশগ্রহণের আহ্বানে অনুপ্রাণিত হয়ে তিনি দেশে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশে এসে স্থানীয় প্রকৌশলীদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথাও জানান।
তিনি ২০৫০ সাল পর্যন্ত একটি ধারণামূলক মাস্টারপ্ল্যান তুলে ধরেছেন, যেখানে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলদূষণ, ড্রেনেজ, পরিবহন নেটওয়ার্ক ও উপকূলীয় সুরক্ষা অবকাঠামো অন্তর্ভুক্ত রয়েছে।
বর্তমানে তিনি নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনে কর্মরত এবং এর আগে ভার্জিনিয়া ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
সরকারের সঙ্গে সমন্বয়ে কাজের সুযোগ পেলে দেশের অবকাঠামো উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।