ময়মনসিংহ মেডিকেলে অব্যবস্থাপনা নিরসন ও অগ্নিকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) বিভিন্ন অব্যবস্থাপনা দূর করা, অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের প্রকৃত তথ্য প্রকাশ এবং ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে নাগরিক সংগঠন ‘ময়মনসিংহ মঞ্চ’ এ কর্মসূচির আয়োজন করে। ঘণ্টাব্যাপী বিক্ষোভে সংগঠনটির নেতাকর্মী ছাড়াও রোগীর স্বজন ও পথচারীরা অংশ নেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা হাসপাতালের অব্যবস্থাপনার বিভিন্ন অভিযোগ তুলে ধরে বলেন, এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন কয়েক হাজার রোগী ও স্বজনের সমাগম ঘটে। কিন্তু পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। হাসপাতালের একাধিক লিফট দীর্ঘদিন বিকল থাকা, বিভিন্ন সিঁড়ি বন্ধ রাখা, চিকিৎসা পরীক্ষার যন্ত্রপাতি অচল থাকা, ওষুধ ও বিভিন্ন সরঞ্জামের সংকট, দালাল ও কর্মচারীদের দৌরাত্ম্যসহ নানা অভিযোগের কথা তুলে ধরেন তারা।
বক্তারা আরও বলেন, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে বেওয়ারিশ প্রাণীর বিচরণ, অগ্নিনিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং প্রয়োজনের তুলনায় আইসিইউ সুবিধা কম থাকায় রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারি ছুটির দিন ও রাতের সময়ে চিকিৎসক সংকট নিয়েও রোগী ও স্বজনদের মধ্যে অভিযোগ রয়েছে বলে তারা দাবি করেন।
সম্প্রতি হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করেও প্রশ্ন তোলেন বক্তারা। তাদের দাবি, সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে হাসপাতালের নতুন আটতলা ভবনের লিফটের কন্ট্রোল রুমে আগুন লাগার পর রোগী, স্বজন ও হাসপাতালের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হুড়োহুড়ি ও পদদলনের ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।
বক্তারা অভিযোগ করেন, ঘটনার পর হতাহতের তথ্য নিয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে পরস্পরবিরোধী বক্তব্য দেওয়া হয়েছে। বিশেষ করে বিভাগীয় কমিশনারের বক্তব্যের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের অনুসন্ধানে পাওয়া তথ্যের গরমিল রয়েছে বলে দাবি করেন তারা। এ ঘটনায় প্রকৃত তথ্য উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানান বক্তারা।
তাদের আরও দাবি, নতুন ভবনে একাধিক সিঁড়ি থাকলেও অগ্নিকাণ্ডের সময় সবগুলো ব্যবহার উপযোগী ছিল না। ফলে আতঙ্কিত রোগী ও স্বজনদের সীমিত পথ দিয়ে নিচে নামতে গিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে বলে তারা অভিযোগ করেন।
বিক্ষোভ থেকে অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনা তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, আহতদের রাষ্ট্রীয় খরচে উন্নত চিকিৎসা এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানানো হয়।
এ ছাড়া হাসপাতালের পরিচালক ও উপপরিচালককে দায়িত্ব থেকে অপসারণ বা বদলি এবং দায়িত্বে অবহেলার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। একই সঙ্গে হাসপাতালের দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে তা জনগণকে অবহিত করার আহ্বান জানানো হয়।
ময়মনসিংহ মঞ্চের প্রধান সমন্বয়কারী ইমতিয়াজ আহমেদ তানসেনের সভাপতিত্বে বিক্ষোভে বক্তব্য দেন সংগঠনের সংগঠক আবুবকর সিদ্দিক রুমেল, শাহরিয়ার আহমেদ আশিক, তানজিল হোসেন মুনিম, সাদ্দাম হোসেন, নুর আলী চিশতি ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা শামছুল হকসহ অন্যরা।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানকে প্রধান করে ফায়ার সার্ভিস, পুলিশ ও গণপূর্ত বিভাগের প্রকৌশলীদের সমন্বয়ে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।