স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন
‘হয় আমি থাকব, না হয় হাসপাতালের অনিয়ম-দুর্নীতি থাকবে’
হাসপাতালের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন। তিনি বলেন, হয় হাসপাতালের অনিয়ম-দুর্নীতি থাকবে, না হয় আমি মন্ত্রী থাকব। গতকাল শুক্রবার রোগী হয়রানি ও অনিয়ম বন্ধে রাজধানীর মুগদা হাসপাতালে আকস্মিক পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করেন।
পরিদর্শনকালে রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা হাসপাতালের পরিবর্তে বাইরে থেকে করানোর অভিযোগ পান মন্ত্রী।
তিনি বলেন, হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সব সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে পরীক্ষা করানো হচ্ছে, ফলে তাদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। বিশেষ করে ডেঙ্গুর সব পরীক্ষা হাসপাতালে থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে পরীক্ষা করানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় মুগদা হাসপাতালকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। এরপরও রোগীরা সেবা থেকে বঞ্চিত হলে তা মেনে নেওয়া হবে না। এ ধরনের অনিয়ম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি হাসপাতালের সেবার মান ও বিভিন্ন অনিয়ম নিয়ে সামাজিক মাধ্যমে সেবা প্রত্যাশীদের ক্ষোভের বিষয়টি নজরে আসার পর স্বাস্থ্যমন্ত্রী সরেজমিন পরিস্থিতি দেখতে এ আকস্মিক পরিদর্শনে যান।
মন্ত্রী বলেন, আমি ১৫-২০ জন রোগীর কাগজ দেখেছি, সব ফটোকপি নিয়েছি। এসব ইনভেস্টিগেশন বাইরে থেকে করানো হয়েছে। একটা ভিডিও বের হয়েছে, কারা কারা এসেছে ওই নামগুলোও আমার কাছে আছে। ওইটাই দেখে গেলাম।
দেশের স্বাস্থ্যসেবার অনিয়ম প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা একদিনে সব পারব- এটা বলি না, বাট যখন যেখানে অনিয়ম পাব শক্ত হাতে দমন করব। একটা শূন্য ভাণ্ডার নিয়ে আমরা দায়িত্ব গ্রহণ করেছি ফ্যাসিস্টদের পরে। এরপরও আমরা কষ্ট করে টাকা দিচ্ছি, জনগণের টাকাই জনগণের জন্য দিচ্ছি। সেই টাকার সুবিধা জনগণ এখানে পাচ্ছে না। এখানে ডেঙ্গু রোগীদের ব্লাড বাইরে থেকে এসে ফেরিওয়ালার মতো কালেক্ট করে নিয়ে যায় টেস্ট করানোর জন্য। এটা কোনোমতেই গ্রহণযোগ্য না। হাসপাতাল কর্তৃপক্ষ এর দায় এড়াতে পারে না।