তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী ফকির মাহবুব আনাম, মো. আবুল খায়ের ভূঁইয়া, মো. তমিজ উদ্দিন, মো. মোবাশ্বের আলম ভূঁইয়া, মানসুরা আক্তার, মো. কেরামত আলী এবং সাইদ উদ্দিন আহমাদ হানজালা অংশ নেন।
বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্য এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের জনবল, দপ্তর ও সংস্থাগুলোর কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।
বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ খাতের নীতি প্রণয়ন ও বাস্তবায়ন, ডাটা তরঙ্গ, টেলিযোগাযোগ শিল্প, পার্সেল সার্ভিস এবং ওয়াই-ফাই সেবার চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। একই সঙ্গে বিমানবন্দরগুলোতে ওয়াই-ফাই সেবা চালু ও সম্প্রসারণ, ভূমি সেবার মানোন্নয়ন, ইন্টারনেট সেবার ব্যয় কমানোর পরিকল্পনা, বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) অব্যবহৃত সম্পদ কার্যকরভাবে ব্যবহারের উদ্যোগ এবং ডাক বিভাগের পার্সেল সেবার পরিমাণ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে ডাক বিভাগের ডাটাবেইজে সব নাগরিকের ঠিকানা সংরক্ষণের কার্যক্রম, ব্রডব্যান্ড অবকাঠামো সম্প্রসারণ এবং নির্ভরযোগ্য ও সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি এআই-সক্ষম বাংলাদেশ গঠন, ডিজিটাল পেমেন্টের প্রসার, কলসেন্টারের মাধ্যমে গ্রাহকের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, সাইবার নিরাপত্তা জোরদার এবং শিশু-কিশোরসহ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করার প্রকল্পগুলো আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
নতুন প্রজন্মকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বহুমুখী ব্যবহার নিশ্চিত করার সুপারিশ করেছে কমিটি। একই সঙ্গে জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সহায়তা এবং টেলিটকের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি সুপারিশ করা হয়।
বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের প্রধানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।