বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের
জোরপূর্বক শ্রম সংক্রান্ত উদ্বেগের কথা উল্লেখ করে বাংলাদেশসহ মোট ৬০টি দেশের ওপর নতুন করে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২ জুন) ট্রাম্প প্রশাসন এই প্রস্তাব উত্থাপন করে।
খবরে বলা হয়েছে, প্রস্তাব অনুযায়ী এসব দেশের আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে। বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় (United States Trade Representative বা USTR) জানায়, জোরপূর্বক শ্রম ব্যবহার করে উৎপাদিত পণ্য মার্কিন বাণিজ্যে অন্যায্য প্রতিযোগিতা সৃষ্টি করছে—এই অভিযোগের ভিত্তিতেই নতুন শুল্ক কাঠামোর প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রস্তাবে বাংলাদেশ ছাড়াও কানাডা, ইকুয়েডর, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পাকিস্তান, আর্জেন্টিনা, কম্বোডিয়া, এল সালভাদর, গুয়াতেমালা, মালয়েশিয়া, তাইওয়ান ও যুক্তরাজ্যের নাম রয়েছে।
USTR-এর তথ্য অনুযায়ী, এসব দেশের মধ্যে নির্দিষ্ট কিছু দেশের পণ্যের ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে। অন্যদিকে তদন্তাধীন আরও ৪৫টি দেশের ওপর ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক বসানোর পরিকল্পনা করা হয়েছে।
এটি যুক্তরাষ্ট্রের ধারা ৩০১ (Section 301) এর আওতায় পরিচালিত একটি তদন্তের সর্বশেষ ফলাফল হিসেবে প্রকাশ করা হয়েছে। এই ধারা অনুযায়ী, অন্যায্য বাণিজ্য চর্চার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে মার্কিন প্রশাসনের।
এদিকে প্রস্তাবটি এমন সময় সামনে এলো, যখন ট্রাম্প প্রশাসন তাদের জরুরি শুল্ক কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্টের এক রায়ে আগের শুল্ক ব্যবস্থার কিছু অংশ বাতিল হওয়ার পর নতুন করে নীতি নির্ধারণের কাজ শুরু হয়।