মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষে ৩ বাংলাদেশি নিহত, আহত ১
মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান অঙ্গরাজ্যের পোর্ট ডিকসনে সহকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন বাংলাদেশি নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে এক বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ।
নিউ স্ট্রেইটস টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৩ আগস্ট) বিকেলে তামান লিঙ্গি এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
নেগেরি সেম্বিলানের পুলিশপ্রধান দাতুক আলজাফনি আহমাদ জানান, স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে কয়েকজন বাংলাদেশির মধ্যে সংঘর্ষের খবর পেয়ে লিঙ্গি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে আটক করা হয়, যিনি এ ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
তিনি বলেন, প্রাথমিক তদন্তের ধারাবাহিকতায় পরে লিঙ্গির সুয়া মাঙ্গিস এস্টেট এলাকা থেকে আরও দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের তথ্যমতে, নিহত তিন বাংলাদেশির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। আহত আরেক বাংলাদেশিকে রেমবাউ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনায় জড়িত সবাই একই প্রতিষ্ঠানে কাজ করতেন এবং একই বাসভবনে থাকতেন। পুলিশের ধারণা, ঘটনাটি একাধিক স্থানে ঘটেছে। পুরো ঘটনার ধারাবাহিকতা ও প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশপ্রধান আলজাফনি আহমাদ আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আগে কোনো অপরাধমূলক রেকর্ড পাওয়া যায়নি। তাকে রিমান্ডের আবেদন জানিয়ে সোমবার পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।
তিনি বলেন, মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যা) মামলাটি তদন্ত করা হচ্ছে। তবে সংঘর্ষের পেছনের উদ্দেশ্য বা প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।