যুক্তরাষ্ট্রে প্রবাসী সুনামগঞ্জবাসীর গৌরব
ডেপুটি মেয়র আবু সুফিয়ান'কে জেলা জনকল্যাণ সমিতির সংবর্ধনা
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হিসেবে নির্বাচিত হওয়ায় প্রবাসী বাঙালি আবু সুফিয়ান কে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করেছে সুনামগঞ্জ জেলা জনকল্যাণ সমিতি ইউএসএ । রোববার স্থানীয় একটি অভিজাত পার্টি হলে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুনামগঞ্জ জেলা জনকল্যাণ সমিতির সভাপতি এড.হাফিজুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হোসেন ওমর সরদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে নবনির্বাচিত ডেপুটি মেয়রকে শুভেচ্ছা জানান জেলা জনকল্যাণ সমিতির নেতৃবৃন্দ। পরে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সংবর্ধনার জবাবে আবু সুফিয়ান বলেন, "এই অর্জন শুধু আমার একার নয়, এটি পুরো প্রবাসী বাংলাদেশি এবং আমার জন্মভূমি সুনামগঞ্জের মানুষের অর্জন। প্রবাসের মাটিতে আপনারা যে ভালোবাসা ও সমর্থন আমাকে দিয়েছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। প্যাটারসন সিটির উন্নয়নের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির কল্যাণে আমি সর্বদা কাজ করে যাব। অনুষ্ঠানে বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূতদের এমন সাফল্য পুরো জাতির জন্য গর্বের। আবু সুফিয়ানের এই অর্জন নতুন প্রজন্মকে প্রবাসে আরও উঁচুতে পৌঁছাতে অনুপ্রাণিত করবে। আলোচনা সভা শেষে এক প্রীতিভোজ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা আয়োজনের সমাপ্তি ঘটে।