কুড়িগ্রামের ফুলবাড়ীতে চায়না দুয়ারী রিং জালে আটকা পড়ল ১৩ ফুটের অজগর
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিলের মধ্যে মাছ ধরার জন্য পেতে রাখা চায়না দুয়ারী রিং জালে আটকা পড়েছে বিশাল আকৃতির একটি অজগর সাপ।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের হক বাজার এলাকার ধরলা নদীসংলগ্ন একটি বিলে এ ঘটনা ঘটে। সাপটি দেখতে জেলের বাড়িতে ভিড় করেন শত শত উৎসুক নারী-পুরুষ।
স্থানীয় বাসিন্দারা জানান, শিমুলবাড়ী ইউনিয়নের কুদ্দুস মিয়ার ছেলে আব্দুস সোবহান ধরলা নদীসংলগ্ন ওই বিলে চায়না দুয়ারী রিং জাল পেতে নিয়মিত মাছ ধরেন। রোববার বিকেলে জাল তুলতে গিয়ে তিনি এর ভেতরে বিশাল আকৃতির একটি অজগর সাপ দেখতে পান। পরে আশপাশের কয়েকজন জেলের সহায়তায় জালসহ সাপটিকে নিজের বাড়িতে নিয়ে আসেন।
অজগর আটকা পড়ার খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই সাপটিকে দেখতে ওই বাড়িতে ভিড় জমাতে থাকেন স্থানীয় লোকজন। উৎসুক অনেকেই সাপটির ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
সাপটি দেখতে আসা বাবুল শেখ জানান, অজগরটির দৈর্ঘ্য আনুমানিক ১৩ ফুট হতে পারে। তাঁদের ধারণা, সাপটি নদীপথে ভারত থেকে বাংলাদেশে এসে থাকতে পারে। কারণ, সাপটি যে স্থানে জালে আটকা পড়েছে, সেখান থেকে উত্তর-পশ্চিম দিকে প্রায় তিন থেকে চার কিলোমিটার দূরে ভারতের গিদালদহ সীমান্ত অবস্থিত।
শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল জানান, অজগর সাপটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করা অথবা সংরক্ষণের ব্যবস্থা নিতে প্রশাসনকে খবর দেওয়া হয়েছে।