জিগাতলায় মেসে ঢাকা কলেজ শিক্ষার্থীকে মারধর, আটক ২
রাজধানীর ধানমন্ডির জিগাতলায় একটি মেসে ঢাকা কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মেস কর্তৃপক্ষের দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) জিগাতলার নতুন কাঁচাবাজার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মাসুদসহ প্রায় ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, একটি সাইকেল চুরির সন্দেহকে কেন্দ্র করে মেস কর্তৃপক্ষের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থী মাসুদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মেস কর্তৃপক্ষের একজন তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন বলে অভিযোগ উঠেছে। পরে বিষয়টি জানতে পেরে কয়েকজন শিক্ষার্থী সেখানে গেলে তাদেরও আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা।
ঘটনায় আহত মাসুদকে পরে হাসপাতালে নেওয়া হয়। একই ঘটনায় আরও কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতের সঠিক সংখ্যা ও তাদের আঘাতের ধরন তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে ঘটনার পর ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে সহায়তার আহ্বান জানালে কলেজের বিভিন্ন হল থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী জিগাতলার দিকে রওনা হন। এ সময় তাদের অনেকের হাতে লাঠিসোঁটা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। একপর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের মুখোমুখি অবস্থানের সৃষ্টি হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে মেসে আটকে থাকা কয়েকজন শিক্ষার্থীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ঢাকা কলেজ প্রশাসনের মধ্যস্থতায় তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
ঘটনার পর মেস কর্তৃপক্ষের দুইজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তাদের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর ও আটকে রাখার অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য, সাইকেল চুরির সন্দেহ থেকেই ঘটনার সূত্রপাত। তবে অভিযোগগুলোর বিষয়ে মেস কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও কারা মারধরের সঙ্গে জড়িত তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।